১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুনামগঞ্জ প্রতিনিধি: আগামী ১২ ডিসেম্বর (শনিবার) সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সফরকালে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা শহরের স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সেখানে তিনি সুনামগঞ্জের ঐতিহ্যবাহী নানা খেলাধুলা উপভোগ করবেন এবং উপস্থিত সুধীজন ও স্থানীয়দের উদ্দেশে বক্তব্য দেবেন। একইসঙ্গে ওই দিন তিনি সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেছিলেন। সে সময় তিনি শহরের পুরাতন বাসস্টেশনে এক বিশাল সমাবেশে অংশ নেন। পরে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে নৌপথে ওই নির্বাচনী এলাকার টেকেরঘাট ও জামালগঞ্জে দুটি পৃথক জনসভায় বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘ ২২ বছর পর তার এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।



