গাইবান্ধায় সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধ, নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে জহুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী জিহাদ আকন্দ ও তাঁর পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে জিহাদ আকন্দ তাঁর লোকজন নিয়ে বিরোধপূর্ণ স্থানে সীমানা প্রাচীর নির্মাণ করতে যান। এ সময় জহুরুল ইসলাম সীমানা নির্ধারণ করে প্রাচীর নির্মাণের কথা বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জহুরুল ইসলামকে কিল-ঘুষি ও লাথি মেরে মারধর এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে।
মারধরের পর জহুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাঁকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে একজনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।



