কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, ১ ভারতীয় আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবির দায়িত্বশীল সূত্র জানায়, দৌলতপুর উপজেলার জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে বাংলাদেশের সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বাংলাদেশি কৃষক সাহাজুল ইসলাম (৩৫) নিজের জমিতে কৃষিকাজ করার সময় বিএসএফের ছোড়া গুলিতে পায়ে আহত হন। তিনি জামালপুর গ্রামের সাবাজ মণ্ডলের ছেলে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসেন। এদিকে পরিস্থিতি মোকাবিলা এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নিয়মিত টহল জোরদার করা হয়। একই সঙ্গে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা ফায়ার করে বিজিবি।
কুষ্টিয়া সেক্টর কমান্ডার ৪৭ বিজিবির কর্নেল ইখতেখার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।
এদিকে, গুলিবিদ্ধ সাজুল হোসেনকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোহিদ হাসান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, ঘটনার পর স্থানীয় লোকজন এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বলে দাবি করেছেন। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে পরে জানানো হবে।



