গ্রাম বাংলাদেশবাংলা

পুলিশ সদস্যরা কমান্ড মানছেন না, আপস করে ফেলছেন: হুইপ রকিবুল

বাংলা টিভি ডেস্ক: পুলিশ বাহিনীর সদস্যরা ঠিকমতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মানছেন না কিংবা তারা সন্ত্রাসীদের সঙ্গে কোনো না কোনোভাবে আপস করে ফেলছেন বলে মন্তব্য করেছেন খুলনা-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।

তিনি বলেন, এটা স্বেচ্ছায় করুক আর ভয়ে করুক—এর খেসারত জনগণকে দিতে হচ্ছে।

শুক্রবার (৯ অক্টোবর) নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ফ্যাসিস্টদের সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তরা কোনো না কোনোভাবে দলের (বিএনপির) মধ্যে ঢোকার চেষ্টা করছে। এজন্য আমাদের দলকে সতর্ক থাকতে হবে। কেউ যদি সুযোগ দেয় তবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।

তিনি বলেন, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে নিয়োজিতদের অবহেলাকে ছোট করে দেখলে হবে না। এটা ভালোভাবেই নজরে আনতে হবে। ফ্যাসিস্ট আমলে প্রশাসনের মধ্যে অনেক বেশি দলীয় লোক ঢুকে গিয়েছে। তারা এখানে অনেক জায়গায় কমান্ড মানছেন না।

রকিবুল ইসলাম বকুল বলেন, আমাদের খুলনা অঞ্চলের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এখানে আমাদের কর্মসংস্থানের সুযোগ নেই। এজন্য আমাদের যুবসমাজে হতাশায় অনেকে মাদকের দিকে যাচ্ছে, আবার অনেকে সন্ত্রাসের দিকে যাচ্ছে। এটার মূল কারণ আমাদের কর্মসংস্থানের সুযোগ নেই। আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে অপরাধ দ্রুততার সঙ্গে কমে আসবে।

তিনি আরও বলেন, আমরাও সন্ত্রাস সম্পর্কিত মিটিংয়ে বারবার বলার চেষ্টা করছি এবং পুলিশ বাহিনীকে মোটিভেশন দিচ্ছি। কারণ, পুলিশ বাহিনীর উপরেও একটা চরম
খারাপ সময় গিয়েছে। তাদের আগের জায়গায় ফিরিয়ে আনতে গেলে তাদের মোটিভেশন দরকার। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করা গেলে আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক হবে।

হুইপ বলেন, খুলনা অঞ্চলটা একটু আলাদা। অতীতেও দেখা গেছে খুলনা অঞ্চলে অনেক ফ্যাক্ট কাজ করে। জনগণ একটু সজাগ থাকতে হবে, সক্রিয় থাকতে হবে, আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। আমরা যদি প্রশ্রয় না দেই এবং পুলিশ বাহিনী আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করে, তবে আমার বিশ্বাস- এখান থেকে দ্রুততার সঙ্গে সব সন্ত্রাসী বাহিনী পালিয়ে যেতে বাধ্য হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button