মাদারীপুরে শকুনি লেক দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের একমাত্র প্রধান বিনোদন কেন্দ্র ও ঐতিহাসিক শকুনি লেক দখল থেকে মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে লেকের পাড়ে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আছেন- সচেতন নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ শহীদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল হক, নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা ডা. গোলাম সরোয়ার, সুজনের সভাপতি এনায়েত হোসেন নান্নু, উদীচির সভাপতি ডা. রেজাউল আমিন খোকন, অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদারীপুরবাসীর একমাত্র বিনোদন কেন্দ্রটিকে আধুনিক রূপ দেওয়ার লক্ষ্যে ২০১৩ সালে পৌরসভা সৌন্দর্যবর্ধন প্রকল্প হাতে নেয়। প্রকল্পের অংশ হিসেবে লেকের চারপাশে ওয়াকওয়ে, ওয়াচটাওয়ার, মুক্তমঞ্চ, শিশু পার্ক, বসার স্থান ও ঘাটলাসহ নানা স্থাপনা নির্মাণ করা হয়। কিন্তু বর্তমানে লেকটির এই সৌন্দর্যমণ্ডিত ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলো অবৈধ দখলে চলে গেছে, যা অবিলম্বে উদ্ধার করা জরুরি।



