বাংলাদেশ

রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল

বাংলা টিভি ডেস্ক: হুতি হামলার কারণে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকাগামী ও রিয়াদগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এ ঘটনায় রোববার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি আজ রাত ১০টা পর্যন্ত শিডিউল অনুযায়ী ঢাকা থেকে রিয়াদগামী সব এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করা হয়েছে।

রোববার বিষয়টি জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানিয়েছিল, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ কারণে বিমানের নির্ধারিত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এসব ফ্লাইটের টিকিট বুকিং দেয়া যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে সংস্থাটি বলেছে, ফ্লাইটগুলোর পরবর্তী সময়সূচি বা অবস্থা সম্পর্কে রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের যে অসুবিধা হচ্ছে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন।

এ ছাড়া নিকটতম বিমান বিক্রয় অফিস থেকেও সহায়তা নিতে পারবেন তারা। নতুন তথ্য পাওয়া গেলে বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমে তা জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button