ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

বাংলা টিভি ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার বাসিন্দা কারী গোলাম রহমানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম একই গ্রামের গাজী রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে যান আব্দুর রহমান। দীর্ঘদিন ধরে শ্বশুর ও জামাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোররাতে ক্ষুব্ধ হয়ে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভোররাতে চিৎকার ও হৈচৈ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে আব্দুর রহমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁরা অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয় প্রতিবেশী হাফিজুর রহমান জানান, ভোররাতে চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি আব্দুর রহমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর ভাষ্য, শ্বশুর ও জামাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার আব্দুর রহমান শ্বশুরবাড়িতে বেড়াতে আসার পরদিনই এ ঘটনা ঘটে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



