নেশার টাকা না দেওয়ায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক

বাংলা টিভি ডেস্ক: পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না দেওয়ায় মাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোছা. সূর্যবানু (৬০) ওই গ্রামের মৃত লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত ছেলে উদ্দিন সরদারের বয়স ২৩ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছেলে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই মায়ের সঙ্গে তাঁর ঝগড়া হতো। মঙ্গলবার সকালে সূর্যবানু রান্না করছিলেন। এ সময় ছেলে উদ্দিন সরদার তাঁর কাছে নেশার টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে মা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মাকে আঘাত করে পালিয়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই সূর্যবানুর মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী আব্দুল হাকিমের বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। পুলিশের দাবি, ওই বাড়ি থেকেই হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তেটি উদ্ধার করা হয়েছে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাশের একটি বাড়িতে পালিয়ে থাকার সময় গ্রিল কেটে অভিযুক্তকে আটক করা হয়।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



