রংপুরে শতবর্ষী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: রংপুরের ঐতিহ্যবাহী ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সদস্য ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে রংপুর প্রেসক্লাবের পাশে অবস্থিত ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে মন্দির পরিচালনা কমিটির সদস্য ও বিএনপির নেতারা তাঁকে স্বাগত জানান।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান। সৈয়দপুর বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে তারাগঞ্জ ও পাগলাপীরে পৃথক পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় সড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী তাঁকে স্বাগত জানান।
পরে দুপুরে শত বছরের ঐতিহ্যবাহী ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপে পৌঁছে পূজারিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাত নেড়ে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম রংপুর সফর।
রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। সেখান থেকে বিমানে রাজশাহীতে গিয়ে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।



