স্বাস্থ্য সম্মত উপায়ে আনারস উৎপাদনের জন্য সরকার গুরুত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি (ডিজিটাল): কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, স্বাস্থ্য সম্মত উপায়ে আনারস উৎপাদনের জন্য সরকার গুরুত্ব দিচ্ছে। খেতে-খামারে শুধু উৎপাদন বৃদ্ধি নয়- ভোক্তা যাতে নির্ভেজাল ও পুষ্টিকর ফল খেতে পারে সেটির নিশ্চয়তা থাকা জরুরি।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড়ি গ্রাম নেদুরবাজার ও মহিষমারায় দুটি পৃথক কৃষক সমাবেশে এসব কথা বলেন।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বাণিজ্যিকভাবে ফল চাষ, সংরক্ষণ এবং ফল পাঁকাতে যাতে ক্ষতিকর হরমোন ও রাসায়নিক সার কেউ ব্যবহার না করেন সেটির উপর খেয়াল রাখতে হবে। এই জন্য কৃষকদেরকে মোটিভেশন করা জরুরি।
কৃষিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের মধুপুর গড় কলা ও আনারসসহ নানা ফল চাষের একটি বড় চত্বর। সারাদেশে এখানকার ফল চালান যায়। এখানকার আনারস এখন স্পেন, পর্তুগাল ও পাকিস্তানে রপ্তানি হচ্ছে। রপ্তানির এ ধারা অব্যাহত রাখতে হলে বিজ্ঞান সম্মতভাবে ফল আবাদ এবং স্বাস্থ্য সম্মতভাবে ফল সংরক্ষণ করতে হবে। ক্ষতিকর হরমোন দিয়ে ফল পাঁকানোর কু অভ্যাস একদম পরিত্যাগ করতে হবে।
তিনি মধুপুরে বাণিজ্যিক ভিত্তিতে আদা-হলুদ চাষের সরকারি পৃষ্ঠপোষকতার কথাও জানান।
এসময় ডাক, টেলিযোগযোগ, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী পরে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত আদর্শ কৃষক ছানোয়ার হোসেনের ফল, সবজি ও মশলার খামার পরিদর্শন করেন।



