গ্রাম বাংলাদেশবাংলা

সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা

বাংলা টিভি ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত ৮টায় রাঙ্গামাটির জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন কেন্দ্রটি পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে হবে।

এ বিষয়ে সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, দুর্গাপূজার ছুটি উপলক্ষে বর্তমানে সাজেকে প্রায় ৩ হাজার পর্যটক অবস্থান করছেন। তিনি বলেন, ‘প্রশাসনের নির্দেশনা আমরা পেয়েছি। সেভাবেই ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ, বিভিন্ন দাবিতে তৃতীয়বারের মতো বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে দীঘিনালা-সাজেক সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’। মূলত এই অবরোধের কারণেই পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button