গ্রাম বাংলাদেশবাংলা

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনের টাকা না দেওয়ায় আব্দুস সামাদ (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাপটালি গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেনের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগের রাতে বাড়িতে ফিরে নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আনোয়ার হোসেন। এ সময় তিনি মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা দাবি করেন। তবে টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বাবা আব্দুস সামাদ ছেলেকে শান্ত করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার তাঁর বাবার ওপর হামলা চালান। এ সময় মাথা ও বুকে উপর্যুপরি আঘাত করলে গুরুতর আহত হন আব্দুস সামাদ। পরে তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর অভিযুক্ত আনোয়ার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার এবং হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে রয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button