লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী আমঝোল এলাকায় বন্যপ্রাণীর (বাঘ সদৃশ) আকস্মিক আক্রমণে তিনজন আহত হয়েছেন। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) এবং নজরুল ইসলাম।
স্থানীয় ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় শরিফা বেগম বাড়ির পাশের ধানখেতে নিজের ছাগল খুঁজতে যান। এ সময় হঠাৎ একটি বন্যপ্রাণী (বাঘ সদৃশ) তাঁকে আক্রমণ করে। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বন্যপ্রাণীটির আক্রমণে আফসার হোসেন ও নজরুল ইসলামসহ তিনজন আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মামুন রহমান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, “বাঘের থাবায় তিনজন আহত হওয়ার খবর পেয়েছি এবং তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শনের জন্য একটি পর্যবেক্ষণ টিম রওনা হয়েছে।”



