
বাংলা টিভি ডেস্ক: বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর মতো সাংবাদিকদের কারণে গণতন্ত্র বারবার ফিরে এসেছে।
তিনি বলেন, সাংবাদিক হিসেবে গিয়াস কামাল চৌধুরী নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। তার মতো দৃঢ়চেতা সাংবাদিকরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে তিনি সব সময় সজাগ ছিলেন। সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলেও মন্তব্য করেন রিজভী।
স্মরণসভায় বিদেশে বাংলাদেশিদের অবস্থান ও দেশের ভাবমূর্তি প্রসঙ্গেও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি জানান, ইতালিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক অভিবাসী কাজের সন্ধানে যান। দারিদ্র্যতা ও রাজনৈতিক সংকটসহ নানা কারণে মানুষ দেশ ছেড়ে সেখানে যান। তবে সেখানে চুরির সঙ্গে ইতালীয়দের পরিবর্তে বিভিন্ন দেশ থেকে যাওয়া কিছু অভিবাসীর সংশ্লিষ্টতা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। এ ক্ষেত্রে তিনি কয়েকটি দেশের নাম উল্লেখ করতে চাননি।
রিজভী বলেন, ইতালিতে বহু বাংলাদেশি ও বিদেশি পর্যটকের সঙ্গে কথা বলে তিনি বাংলাদেশিদের বিরুদ্ধে এ ধরনের চুরির অভিযোগ শোনেননি। নানা সমস্যার মধ্যেও বাংলাদেশিদের কিছু ইতিবাচক দিক রয়েছে, যা গর্ব করার মতো।
তিনি আরও বলেন, ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের সুনাম রয়েছে। ইউরোপীয়দের অনেকে বলেছেন, বাংলাদেশিদের মতো ভালো শ্রমিক পাওয়া কঠিন। একসময় অন্য দেশের নাগরিকদের পরিচালিত রেস্তোরাঁ ছিল, এমন অনেক জায়গায় এখন বাংলাদেশিদের রেস্তোরাঁ গড়ে উঠছে। বিভিন্ন দোকান ও শপিং মলেও বাংলাদেশিরা ব্যবসা করছেন।রোমের সেন্ট্রাল স্টেশনের আশপাশে আগে অন্য দেশের নাগরিকদের অনেক দোকানপাট থাকলেও এখন সেখানে বাংলাদেশিদের ব্যবসায়িক উপস্থিতি বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি। গিয়াস কামাল চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন রুহুল কবির রিজভী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, বাসসের চেয়ারম্যান কবি আব্দুল হাই সিকদারসহ প্রমুখ।কেএইচ/এসএনআর



