‘আমার স্বামী ১৭-১৮টা বিয়ে করেছে’— তাশরীফের মা

বাংলা টিভি ডেস্ক: ইসলামী বক্তা হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে তাঁর বাবার তোলা অভিযোগ অস্বীকার করেছেন তাঁর মা। ছেলের জনপ্রিয়তা মেনে নিতে না পেরে বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে হেদায়েতুল্লাহর বিরুদ্ধে ১৭ থেকে ১৮টি বিয়ের অভিযোগও তুলেছেন তাশরীফের মা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে তাশরীফের মা দাবি করেন, তিনি যখন হেদায়েতুল্লাহর ঘরে আসেন, তখন তাঁর সাত থেকে আটটি বিয়ে হয়েছিল। পরে তিনি জানতে পারেন, হেদায়েতুল্লাহ মোট ১৭ থেকে ১৮টি বিয়ে করেছেন।
তাশরীফ তাঁর বাবার ভরণপোষণ করেন না এবং তাঁর খোঁজখবর রাখেন না—হেদায়েতুল্লাহর এমন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তাঁর মা।
তিনি বলেন, ছেলে জনপ্রিয়তা অর্জন করেছে, বিষয়টি তাঁর বাবা মেনে নিতে পারছেন না। বাবা চাইলে ছেলের সঙ্গে সুন্দরভাবে সম্পর্ক বজায় রাখতে পারতেন। কিন্তু অন্যদের কথায় প্রভাবিত হয়ে তিনি ছেলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন বলে অভিযোগ করেন তিনি।
তাশরীফের মা আরও দাবি করেন, তাঁর ছেলে প্রতি মাসে বাবাকে ২০ থেকে ৩০ হাজার টাকা দিতেন। তবে সম্প্রতি পারিবারিক ঝগড়াঝাঁটির কারণে গত দুই থেকে তিন মাস ধরে সেই টাকা দেওয়া বন্ধ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করেই হেদায়েতুল্লাহ ছেলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন বলে দাবি তাঁর।
তাশরীফের বাবা অন্য মানুষের কথায় প্রভাবিত হয়ে ছেলের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়েছেন বলেও অভিযোগ করেন তাঁর মা।
তিনি বলেন, অনেকে হেদায়েতুল্লাহকে প্রশ্ন করেন, তাঁর ছেলে এত ওপরে উঠলেও তিনি কেন সেই অবস্থানে নেই। এসব কথায় প্রভাবিত হয়েই তিনি ছেলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন বলে দাবি করেন তাশরীফের মায়ের।
তিনি আরও অভিযোগ করেন, তাশরীফ বাবার বাড়িতে গেলে ঠিকমতো খাবারও পান না। এ ক্ষেত্রে ছেলের সৎমায়ের প্রভাব থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, তাশরীফ আবার বাবাকে টাকা দেওয়া শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে।
সাক্ষাৎকারে নিজের স্বামীর বিরুদ্ধেও অভিযোগ তোলেন তাশরীফের মা। তাঁর দাবি, হেদায়েতুল্লাহ অর্থের প্রতি অতিরিক্ত লোভী ছিলেন এবং তাঁকে বাবার বাড়ি থেকে সম্পদ নিয়ে আসার জন্য চাপ দিতেন। এ নিয়ে তাঁর ওপর নির্যাতনও চালানো হতো বলে অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে হেদায়েতুল্লাহর বক্তব্য জানা যায়নি।
এর আগে গণমাধ্যমকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে ছেলে জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তাঁর বাবা মাওলানা হেদায়েতুল্লাহ।
তিনি অভিযোগ করেন, অনেক কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়ে বড় করলেও এখন ছেলে তাঁর খোঁজখবর রাখেন না। অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েও পাননি বলে দাবি করেন তিনি।
বাবা ও মায়ের বক্তব্যে পরস্পরবিরোধী অভিযোগ সামনে আসায় তাশরীফের পারিবারিক বিরোধ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে উভয় পক্ষের অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার বক্তব্য ও প্রমাণের ভিত্তিতেই প্রকৃত পরিস্থিতি নির্ধারণ করা সম্ভব।



