রাজনীতি

‘আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই’

বাংলা টিভি ডেস্ক:  আওয়ামী লীগের নির্দোষ কর্মীরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামী আয়োজিত পল্টন ট্র্যাজেডি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফেরার পথে কোনো বাধা নেই। তবে অপরাধীদের এ দেশের মাটিতেই বিচারের মুখোমুখি হতে হবে।

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্টদের একটি ক্লাব’ হিসেবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, মিথ্যা মামলা দিয়ে জামায়াতের নেতাদের হত্যার পরিণতি আওয়ামী লীগকে ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে তুলে দেওয়া হবে না।

আলোচনা সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ২০২৪ সালের চেতনা বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকার বাধা সৃষ্টি করছে। তার দাবি, বিএনপিও ফ্যাসিবাদের পথে এগিয়ে আওয়ামী লীগের মতো পরিণতির দিকে যাচ্ছে।

এ সময় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, বিএনপি অতীতে ক্ষমতায় গিয়ে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমানে দলটি আওয়ামী লীগের মতো আচরণ করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা ব্যক্তিরা শেষ পর্যন্ত ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন বলে মন্তব্য করেন এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘জামায়াত কচুপাতার পানি নয়। দেশের গণমানুষের আদর্শিক দল।’

সংশ্লিষ্ট খবর

Back to top button