সুখী দেশ ফিনল্যান্ডে ‘সিঙ্গেলদের’ বিনামূল্যে ভ্রমণের সুযোগ

বাংলা টিভি ডেস্ক: বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড ভ্রমণে সুযোগ, তাও আবার ফ্রিতে। অবিশ্বাস্য হলেও সত্য এই সুযোগ দিচ্ছে ইউরোপের দেশটি।
ফোর্বসের এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ‘ব্লাইন্ড ডেটে’র (Blind Date) জন্য ফিনল্যান্ড ভ্রমণে আগ্রহী ১৬ জন অবিবাহিত ব্যক্তিকে খুঁজছে দেশটি। এ ভ্রমণের প্রায় সব খরচই বহন করবে তারা। হেলসিঙ্কি ও তাম্পেরে শহরে এই ভ্রমণের আয়োজন করা হবে। ভ্রমণসূচিতে থাকবে বিভিন্ন খাবারের অভিজ্ঞতা, দর্শনীয় স্থান ঘুরে দেখা এবং স্থানীয় ফিনিশদের সঙ্গে একটি দলীয় নৈশভোজ। দেশটির কয়েকজন শীর্ষস্থানীয় শেফের তৈরি খাবারের তালিকা থাকবে এই নৈশভোজে।
‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই উদ্যোগটি দেশটির পর্যটন সংস্থা ভিজিট ফিনল্যান্ডের (Visit Finland) বৃহত্তর প্রচারণার অংশ। এর লক্ষ্য আন্তর্জাতিক পর্যটকদের কাছে ফিনল্যান্ডের খাবারের সংস্কৃতি তুলে ধরা। টানা নয় বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেলেও দেশটির খাবার নর্ডিক অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর খাবারের মতো আন্তর্জাতিক মনোযোগ পায়নি। ভিজিট ফিনল্যান্ড আশা করছে, রোমান্সের সামান্য ছোঁয়া এই পরিস্থিতি বদলাতে সাহায্য করতে পারে।
এই উদ্যোগের ধারণা এসেছে ফিনল্যান্ডের একটি ডেটিং প্রবণতা থেকে, যার নাম ‘সিঙ্কুকোরি’ বা ‘সিঙ্গেল বাস্কেট’। দেশটির কিছু মুদি দোকানে ক্রেতারা গোলাপি রঙের ঝুড়ি নিতে পারেন। এর মাধ্যমে তারা বোঝান যে তারা অবিবাহিত এবং নতুন কারও সঙ্গে পরিচিত হতে আগ্রহী। সম্প্রতি এই প্রবণতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর ভিজিট ফিনল্যান্ড সুপারমার্কেটের বাইরেও এই ধারণা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয়।
২০ অক্টোবর এক ঘোষণায় বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ বলেন, ‘খাবার ফিনিশদের একত্র করে। আর এখন আমরা ভ্রমণকারীদের সম্পূর্ণ ব্যতিক্রমী একটি উপায়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।’
ফিনল্যান্ডের বিনা খরচের ভ্রমণে যা থাকছে
চার দিনের এই ভ্রমণ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। নির্বাচিত আটজন যাবেন ফিনল্যান্ডের সমুদ্রতীরবর্তী রাজধানী হেলসিঙ্কিতে। বাকি আটজন যাবেন দেশটির লেকল্যান্ড অঞ্চলের শহর তাম্পেরেতে।
প্রতিটি দল কয়েক দিন ধরে নির্ধারিত কর্মসূচির মাধ্যমে নিজেদের গন্তব্য ঘুরে দেখার সুযোগ পাবে। এর মধ্যে থাকবে খাবার ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন অভিজ্ঞতা, বাইরের বিভিন্ন কার্যক্রম, সনা এবং দর্শনীয় স্থান পরিদর্শন। তবে মূল আয়োজন হবে একটি দলীয় নৈশভোজ। সেখানে আটজন আন্তর্জাতিক ভ্রমণকারীর সঙ্গে স্থানীয় ফিনল্যান্ডের দুজন অবিবাহিত ব্যক্তি যোগ দেবেন। দেশটির শীর্ষস্থানীয় একজন শেফের তৈরি বিভিন্ন খাবারের স্বাদ নেওয়ার সুযোগ থাকবে এই আয়োজনে।রাজনৈতিক খবর পড়ুন
হেলসিঙ্কির নৈশভোজের খাবারের তালিকা তৈরি করেছেন ক্যাফে সাভয়ের প্রধান শেফ আদেল কিনুনেন। তিনি ফিনল্যান্ডের ‘মাস্টারশেফ প্রফেশনালস’ অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। অন্যদিকে, তাম্পেরে অঞ্চলের খাবারের তালিকা তৈরি করেছেন গ্যোস্তা রেস্তোরাঁর উদ্যোক্তা হেনরি টিকানেন। তিনি মর্যাদাপূর্ণ ‘বোকুস দ’অর’ রন্ধনপ্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন।
ভিজিট ফিনল্যান্ড যাওয়া-আসার বিমানভাড়া, ব্যক্তিগত কক্ষসহ থাকার ব্যবস্থা, খাবার এবং নির্ধারিত কার্যক্রমের খরচ বহন করবে। তবে নির্দিষ্ট কোনো শহরে যাওয়ার ইচ্ছা থাকলে একটি বিষয় মাথায় রাখতে হবে। ভ্রমণকারীরা নিজেরা শহর বেছে নিতে পারবেন না। পর্যটন সংস্থাটি প্রত্যেক বিজয়ীকে হেলসিঙ্কি অথবা তাম্পেরের যেকোনো একটিতে যাওয়ার জন্য নির্ধারণ করবে। অংশগ্রহণ নিশ্চিত করার পর তাদের গন্তব্য জানানো হবে।
এই ভ্রমণকে অন্ধ ডেট হিসেবে প্রচার করা হলেও এখানে প্রকৃতপক্ষে কাউকে কারও সঙ্গে জুটি বেঁধে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। নৈশভোজের আয়োজন করা হয়েছে একান্তে দুজনের ডেটের পরিবর্তে দলীয় অভিজ্ঞতা হিসেবে। অংশগ্রহণকারীরা যে রোমান্টিক সঙ্গী খুঁজে পাবেন, এমন কোনো নিশ্চয়তাও দিচ্ছে না ভিজিট ফিনল্যান্ড।
ফিনল্যান্ডের বিনা খরচের ভ্রমণে আবেদন করবেন যেভাবে
বিশ্বের বিভিন্ন দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তবে ফিনল্যান্ডের নাগরিক ও দেশটিতে বসবাসকারীরা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন না।
আবেদনের প্রক্রিয়ায় দুটি ধাপ রয়েছে। প্রথমে আবেদনকারীদের ইংরেজিতে একটি ভিডিও তৈরি করতে হবে। সেখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে: ‘আপনি ডিনার ডেটে কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’
এরপর ভিডিওটি ইনস্টাগ্রাম, টিকটক অথবা ইউটিউবে পোস্ট করতে হবে। পোস্টে #FinnishDinnerDate হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং ভিজিট ফিনল্যান্ডের সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ট্যাগ করতে হবে। ইনস্টাগ্রামে @ourfinland, টিকটকে @visitfinland.com এবং ইউটিউবে @VisitFinland অ্যাকাউন্ট ট্যাগ করতে হবে।
যারা নিজেদের ডেটিংয়ের আগ্রহের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত সবার কাছে প্রকাশ করতে চান না, তাদের জন্য বিকল্প ব্যবস্থাও রয়েছে। ইনস্টাগ্রাম ও টিকটকে ভিডিও পোস্ট অবশ্যই সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। তবে ইউটিউবে ভিডিওটি আনলিস্টেড হিসেবে আপলোড করা যাবে। অর্থাৎ, শুধু ভিডিওর লিংক যাদের কাছে থাকবে, তারাই সেটি দেখতে পারবেন।
ভিডিও পোস্ট করার পর আবেদনকারীদের নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে এবং সেখানে নিজেদের ভিডিওর লিংক দিতে হবে। বিচারকদের একটি প্যানেল ভিডিওগুলোর সৃজনশীলতা, মৌলিকত্ব এবং প্রশ্নের উত্তরে আবেদনকারীরা কতটা ব্যক্তিগতভাবে নিজেদের তুলে ধরেছেন, তা মূল্যায়ন করবে। ভিজিট ফিনল্যান্ড বিভিন্ন দেশ, বয়স ও পটভূমির মানুষের অংশগ্রহণ চায়। আবেদনকারীদের নিজেদের ধারণ করা ভিডিও এবং নিজেদের কণ্ঠে ধারণ করা অডিও ব্যবহার করতে বলা হয়েছে।
আবেদনের শেষ সময় ২০২৬ সালের ১০ নভেম্বর, ফিনল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টা ৫৯ মিনিট (যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী ভোর ৪টা ৫৯ মিনিট)।
নির্বাচিত ১৬ জনকে ব্যক্তিগতভাবে জানানো হবে। ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। নির্বাচিত আবেদনকারীদের নিয়মিত ইমেইল দেখতে বলা হয়েছে। কারণ, প্রকাশ্যে বিজয়ীদের নাম ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে কেউ উত্তর না দিলে প্রচারণার নিয়ম অনুযায়ী ভিজিট ফিনল্যান্ড তার জায়গায় অন্য কাউকে সুযোগ দিতে পারবে।



