
বাংলা টিভি ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী নিয়মিত কাজ করছেন। এবার শুটিংয়ের ফাঁকে এক মজার মুহূর্ত ভাগ করে নিলেন তার অনুসারীদের সঙ্গে। ভিডিওতে দেখা গেছে ইংরেজি চর্চা করছেন তটিনী, তাও এক কুকুরের সঙ্গে!
রোববার (১ নভেম্বর) রাতে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তটিনী। দেখা যায়, রাতের আবছা আলোয় দুটি কুকুরের সামনে দাঁড়িয়ে তিনি। ইংরেজিতে কথা বলার চেষ্টা করছিলেন অভিনেত্রী।
তটিনী বলেন, ‘ইংরেজি কঠিন? না। আমি আসলে ওকে বোঝানোর চেষ্টা করছিলাম, ও দেখতে সুন্দর ও নিষ্পাপ; কিন্তু আসলে তেমন নয়। ওর চোখের মধ্যে আগ্রাসী ভাব আছে।’
এরপর দর্শকের উদ্দেশে জানতে চান, ‘আমার ইংরেজিটা ঠিক আছে?’ অতঃপর একটি কুকুরকে নিজের ‘বন্ধু’ উল্লেখ করেন তটিনী।
পরে নিজেই হাত দিয়ে কুকুরটিকে আদর করে দেন অভিনেত্রী। অন্য কুকুরটি নিয়ে তটিনী বলেন, সেটাকে দেখতে কাইলি জেনারের মতো লাগে!
তটিনীর ফেসবুক পেজ থেকে ভিডিওটি ৩ লাখ ৭৫ হাজার বারের চেয়েও বেশিবার দেখা হয়েছে। পোস্টে প্রতিক্রিয়া এসেছে ১৭ হাজারেরও বেশি। মুহূর্তটা নিয়ে শত শত অনুসারী তাদের মন্তব্যও জানিয়েছেন।
এদিকে তটিনীকে সামনে দেখা যাবে ‘মন দুনিয়া’ নাটকে। মঙ্গলবার (৩ নভেম্বর) আসবে এর টিজার। আর নাটকটি মুক্তি পাবে ৬ নভেম্বর, ক্যাপিটাল ড্রামায়।



