বাংলাদেশ

প্রেম করে পালিয়ে বিয়েকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমের সম্পর্কের জেরে পালিয়ে বিয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার হলিমপুর ও মাটিয়াপুর গ্রামের মানুষের মধ্যে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

উপজেলার মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের মধ্যবর্তী একটি মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করিমপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের এক তরুণীকে নিয়ে পালিয়ে যান মাটিয়াপুর গ্রামের এক যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে দুই গ্রামের মধ্যবর্তী মাঠে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় গ্রামের অন্তত ২০ জন আহত হন।

পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুই গ্রামের প্রভাবশালী পরিবারের ছেলে ও মেয়ের প্রেমের সম্পর্ক এবং পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংশ্লিষ্ট খবর

Back to top button