রাজনীতিজামায়াত

চাঁদাবাজি মোকাবিলায় সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান হাফিজুর রহমানের

নিজস্ব প্রতিবেদক: অন্যায়, অশান্তি, মাদক, সন্ত্রাস, দখলদারত্ব, চাঁদাবাজি ও দুর্নীতি মোকাবিলায় সৎ এবং যোগ্য প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে তারাবো পৌরসভার রূপসী এলাকায় জামায়াত সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থনে আয়োজিত গণসংযোগপূর্ব এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারাবো পৌর আমির ও রূপগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. নাজমুল হকের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন তারাবো পৌরসভার জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী খন্দকার মো. আল আমিন, পৌর সেক্রেটারি রাফিউল হক নওফেল, আবদুল কাদের, মোবারক হোসাইন, ইসহাক কাজী প্রমুখ। এ সময় তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে তারাবো পৌরসভায় কোনো জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি। আমাদের প্রার্থী খন্দকার মো. আল আমিন নির্বাচিত হলে তারাবো পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত নাগরিক বান্ধব পৌরসভায় রূপান্তর করতে সর্বাত্মক চেষ্টা চালাবেন।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পটপরিবর্তনের পর জনগণের প্রত্যাশা ছিল পূর্বের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের চির অবসান ঘটবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কোথাও কোথাও দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমের মাত্রা বরং বৃদ্ধি পেয়েছে। জামায়াত সমর্থিত প্রার্থী নির্বাচিত হলে তারাবো পৌরসভাকে একটি সম্পূর্ণ সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল নগরী হিসেবে গড়ে তোলা হবে।”

সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ তারাবো পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং মেয়র প্রার্থী আল আমীনের জন্য দোয়া ও সমর্থন চান।

সংশ্লিষ্ট খবর

Back to top button