বাংলাদেশUncategorized

নিহত তৌফিকের স্ত্রী পেলেন চাকরি, সন্তানের দায়িত্ব নিল গার্মেন্টস কর্তৃপক্ষ

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরে শ্রমিক বিক্ষোভের সময় হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান পোশাকশ্রমিক তৌফিক শেখ। তাঁর মৃত্যুর পর স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। এমন পরিস্থিতিতে তৌফিকের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তাঁর কর্মস্থল লায়লা স্টাইলস লিমিটেড। প্রতিষ্ঠানটি তাঁর স্ত্রীকে চাকরি দেওয়ার পাশাপাশি সন্তানের ভরণপোষণের দায়িত্বও নেওয়ার কথা জানিয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে তৌফিকের বাড়িতে যান লায়লা স্টাইলস লিমিটেডের কর্মকর্তারা। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে তৌফিকের স্ত্রীর হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মিন্টু সাহা। এ ছাড়া আগে বিক্রি করে দেওয়া বসতভিটার জমি ফিরিয়ে নেওয়ার জন্য আরও ৬০ হাজার টাকা দেওয়া হয়।

তৌফিক প্রতিষ্ঠানটির কাটিং বিভাগে কাজ করতেন বলে জানান সিএফও মিন্টু কুমার সাহা। তিনি বলেন, তৌফিকের এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর গাজীপুর সদর উপজেলার তালহা গার্মেন্টসের সামনে শ্রমিকদের বিক্ষোভ চলাকালে ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন তৌফিক শেখ। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর ঢাকার শিন শিন জাপান হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

তৌফিকের মৃত্যুর পর তাঁর নবজাতক সন্তান ও স্ত্রীকে নিয়ে পরিবারটি অনিশ্চয়তার মধ্যে পড়ে। এমন অবস্থায় কর্মস্থল কর্তৃপক্ষের এই উদ্যোগ পরিবারটির পাশে দাঁড়ানোর একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button