ভিপি হয়ে ১০৫ বছরের ইতিহাস ভাঙলেন ভারতের এই মুসলিম তরুণী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন নারী প্রার্থীরা। সহসভাপতি (ভিপি) পদসহ মোট ১৩টি পদের মধ্যে ছয়টিতে জয় পেয়েছেন তাঁরা। শুক্রবার নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছেন নাশরা নাইম। তিনি মোট ৭ হাজার ৯১ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮ ভোট।
এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১০টি সদস্য পদের মধ্যে পাঁচটিতে জয়ী হয়েছেন নারী প্রার্থীরা। ফলে ছাত্র সংসদে নারী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব আগের তুলনায় আরও বিস্তৃত হলো।
অন্যদিকে, ছাত্র সংসদের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পান তিনি। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ হামদান।
এএমইউ ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব এবং উইমেনস কলেজ ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
দীর্ঘ আট বছর বিরতির পর অনুষ্ঠিত এবারের নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। টানা তিন বছর ধরে শিক্ষার্থীদের আন্দোলনের পর এই নির্বাচনের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষকের মতে, চলমান জেন-জি আন্দোলনের প্রভাবও এবারের নির্বাচনে প্রতিফলিত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, প্রচারণায় এবার শুধু ক্যাম্পাসের অভ্যন্তরীণ সমস্যা বা শিক্ষার্থীদের দাবি-দাওয়াই প্রাধান্য পায়নি; বরং ভারতের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন বিষয়ও আলোচনায় এসেছে।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন। তিনি এই নির্বাচনকে প্রতিষ্ঠানের গণতান্ত্রিক ঐতিহ্যের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে নির্বাচনে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বে অগ্রগতিকে স্বাগত জানিয়ে নারী ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণকে কেন্দ্র করে ক্যাম্পাসে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।



