‘নোংরামি বন্ধ করো, এভাবে রাজনীতি হয় না’, হাসনাত ও নাহিদের উদ্দেশে রনি

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ও নাহিদ ইসলামকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন টকশো ব্যক্তিত্ব ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দুই নেতার উদ্দেশে বিভিন্ন মন্তব্য করেন। সেখানে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে নোংরামি বন্ধের আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে গোলাম মাওলা রনি লেখেন, ‘প্রিয় হাসনাত এবং নাহিদ, প্লিজ নোংরামি বন্ধ করো। এভাবে রাজনীতি হয় না। হাসনাত বিয়ে করেছে আমার এলাকায়। আমার চৌদ্দ গুষ্ঠির খবর তার জানা।
সার্জিস আমার বাসায় বেড়াতে গিয়ে আমার স্ত্রীর হাতের খাবার খেয়ে এসেছে। নাহিদও বিভিন্ন রাজনৈতিক বিষয়ে কথা বলেছে সরাসরি এবং অন্যান্য মাধ্যমে। একটি রাজনৈতিক দল যদি এমন হয় তবে তাদেরকে নিয়ে কি বলা উচিত?’
এদিকে গোলাম মাওলা রনির পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার স্টার নিউজকে জানিয়েছেন, গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা দলটিতে যোগ দিতে যাচ্ছেন।
তিনি জানান, ফারজানা এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’তে যুক্ত হবেন। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তার দলে যোগ দেওয়ার কথা রয়েছে।



