গ্রাম বাংলাআইন-বিচারদেশবাংলা

শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি: ‎ফরিদপুরে এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আরিফুল ইসলাম (২৪) নামে একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
‎
রোববার (৮ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরে আসামিকে পুলিশ প্রহরায় কারাগারে নেওয়া হয়।
‎
‎​মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত আসামি আরিফুল ইসলাম নগরকান্দা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের দয়ারামপুর এলাকার একটি মসজিদের খণ্ডকালীন ইমাম ও মক্তবের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই মসজিদে নামাজ পড়ানোর পাশাপাশি সকালে মক্তবে শিশুদের আরবি পড়াতেন।
‎
‎​এজহারে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ অক্টোবর মুষলধারে বৃষ্টি হলে সকালে আরবি পড়তে ভিকটিম শিশুটি একাই মক্তবে যায়। বৃষ্টির কারণে অন্য কোনো শিশু মক্তবে যেতে পারেনি। এ সময় শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে তার শরীরের বিভিন্ন অংশ টিপে দিতে বলে এবং কুপ্রস্তাব দেয়। শিশুটি এতে অস্বীকৃতি জানালে আসামি তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার পরনে প্যান্ট খুলতে বলে। একপর্যায়ে শিশুটিকে জোর করে বলাৎকারের চেষ্টা করে ইমাম। শিশুটি পানি খাওয়ার কথা বলে বাইরে বের হয়ে বাড়ি ফিরে এসে পরিবারকে এ ঘটনা জানায়।
‎
‎পরে পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় আসামিকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনা ওইদিনই শিশুটির মা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন। এরপর ‎নগরকান্দা থানায় সাব ইন্সপেক্টর শহিদুল ইসলাম তদন্ত করে আরিফুল ইসলামকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগ দাখিল করে।
‎
‎বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন। তিনি বলেন, দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে খুশি। এতে করে ভবিষ্যতে সমাজে এ ধরনের ঘটনা কমে আসবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button