
বাংলা টিভি ডেস্ক: হালালের বাইরে কোনো সম্পর্কে জড়ানো তার পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। একই সঙ্গে তাকে অর্থের বিনিময়ে পাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন মেঘনা আলম।
ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, ‘হালালের বাইরে কোনো সম্পর্কে জড়ানো আমার পক্ষে হয়তো কখনোই সম্ভব নয়। কিন্তু এরপরও কিছু মানুষ জানতে চান, আমাকে পেতে কত অর্থের প্রয়োজন! তারা কি সংবাদপত্র পড়েন না?’
পোস্টে তিনি আরও দাবি করেন, ‘এই দেশের একটি সরকারব্যবস্থার উচ্চপর্যায়ে আলোচনা করে নাকি নির্ধারণ করা হয়েছিল, আমার মূল্য ৫ মিলিয়ন মার্কিন ডলার হলে তা বিশ্বাসযোগ্য হবে। ৬২ কোটি ২৫ লাখ টাকা, এমনকি একজন প্রভাবশালী রাষ্ট্রদূত ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ১৪ কোটি ৯৪ লাখ টাকা প্রস্তাব দিয়েও আমাকে কিনতে পারেননি।’
নিজের আত্মসম্মানের কথা উল্লেখ করে এই মডেল ও রাজনীতিবিদ বলেন, ‘তবে একটি বিষয় স্পষ্ট, আমি কোনো পণ্য নই। আমার আত্মসম্মান ও ব্যক্তিত্বের কোনো মূল্য নির্ধারণ করা যায় না। অর্থ দিয়ে মানুষকে কেনা যায় না, আর আমার সম্মতি কোনো দরকষাকষির বিষয় নয়!’



