আন্তর্জাতিকএশিয়া

বাংলাদেশ–মালদ্বীপের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার এবং সামরিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে।

সম্প্রতি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম দেশটির মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (MNDF) প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা সম্প্রসারণ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সংশ্লিষ্ট প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

এ ছাড়া প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং সামুদ্রিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন তাঁরা। এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে দুই দেশের অভিন্ন স্বার্থের বিষয়টি গুরুত্ব পায়।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে হাইকমিশন।

সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button