বাংলাদেশ

স্বামীর ভিটে থেকে বিধবাকে উচ্ছেদ, দুই শিশুসন্তান নিয়ে মানবেতর জীবনযাপন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে পৈতৃক সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় দুই শিশুসন্তানকে নিয়ে ঘরছাড়া হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ২৭ বছর বয়সী বিধবা নারী মোছা. নাদিরা আক্তার।

এ ঘটনায় নাদিরা বাদী হয়ে তাঁর ননদ, ভাগ্নে-ভাগ্নিসহ সাতজনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৯ বছর আগে নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চন্ডীপাশা এলাকার শাহজাহানের সঙ্গে নাদিরার বিয়ে হয়। ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় স্বামী শাহজাহানের মৃত্যুর পর থেকেই তাঁর বোন ও ভাগ্নে-ভাগ্নিরা পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন নাদিরা।

এরই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর সকালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির গাছপালা কেটে ফেলা হয়। নাদিরা বাধা দিতে গেলে তাঁকে মারধর করে বসতঘর থেকে বের করে দেওয়া হয়। পরে বাড়ির সবকিছু নিজেদের দখলে নেওয়ার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে।

এ ঘটনায় আহত নাদিরা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

বর্তমানে দুই ও পাঁচ বছর বয়সী সন্তানকে নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে নাদিরার। পাশাপাশি অভিযুক্তদের অব্যাহত হুমকির কারণে নিজের ও সন্তানদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

তবে ঘর দখলের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাঁদের দাবি, তাঁরা নিজেদের বাড়িতেই অবস্থান করছেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button