রেস্টুরেন্টে ভাত খাচ্ছিলেন পুলিশ সদস্যরা, বাইরে রাখা গাড়ি নিয়ে গেল চোর

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম নগরের হালিশহর থানার ছোটপুল এলাকা থেকে পুলিশের টহল পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। টহলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা গাড়িটি সড়কে রেখে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন। খাবার খেয়ে ফিরে এসে দেখেন, গাড়িটি সেখানে নেই।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি গাড়িটি চালিয়ে নিয়ে গেছেন। বুধবার বেলা ৩টার দিকে ছোটপুলের জেলা পুলিশ লাইন এলাকার সামনের সড়কে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, হালিশহর থানার টহল দলের একটি সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান জেলা পুলিশ লাইনের সামনের সড়ক থেকে চুরি হয়েছে। গাড়িতে তিনজন পুলিশ সদস্য ছিলেন। তারা গাড়িটি সড়কে রেখে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন। খাওয়া শেষে ফিরে এসে দেখেন, গাড়িটি সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িটি চালিয়ে নিয়ে গেছেন। চোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাড়িটি কিভাবে চুরি হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।



