
বাংলা টিভি ডেস্ক: গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরের মহাসড়কসংলগ্ন কিছু এলাকায় সরকারের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার মতে, এসব এলাকায় রাষ্ট্রের কোনো অভিভাবক বা সরকারের উপস্থিতি আছে বলে মনে হচ্ছে না।
বুধবার (১৮ নভেম্বর) সকালে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নির্বাহী পরিষদের মূল্যায়ন তুলে ধরেন গোলাম পরওয়ার।
‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে’—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন বক্তব্যের সমালোচনা করেন তিনি। গোলাম পরওয়ার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা এবং সরকারি স্থাপনা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না বলে মনে করে জামায়াতের নির্বাহী পরিষদ।
তিনি বলেন, ‘গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল, পিরোজপুর—এই দিকের এসব মহাসড়কের পার্শ্ববর্তী এই ভূখণ্ডগুলো যে আমাদের রাষ্ট্রের একটা ভূখণ্ড, এখানে যে কোনো সরকার আছে, এর জন্য কোনো অভিভাবক আছে, এটা মনে হচ্ছে না। এ কারণে নির্বাহী পরিষদের এই চরম উদ্বেগ আমরা জাতির কাছে পেশ করছি। এটা রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকারের উচিত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া।’
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়েও উদ্বেগ জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির এ পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত। রাষ্ট্রপতির পক্ষ থেকে সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া দরকার।



