বাংলাদেশ

বিশ্ব পুরুষ দিবস: নীরব কষ্ট প্রকাশের দিন আজ

বাংলা টিভি ডেস্ক: নারী দিবসের কথা সবার জানা। প্রতিবছর ৮ মার্চ বিশ্বজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। তবে পুরুষদের জন্যও যে একটি আন্তর্জাতিক দিবস রয়েছে, তা অনেকেরই অজানা। দিবসটি জানা থাকলেও নারী দিবসের মতো ঘটা করে উদযাপন করা হয় না। আজ ১৯ নভেম্বর, বিশ্ব পুরুষ দিবস। পুরুষদের জীবনের সংগ্রাম, দায়িত্ব, অবদান, শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি।

সমাজে পুরুষদের নিয়ে দীর্ঘদিনের একটি প্রচলিত ধারণা রয়েছে, পুরুষ মানেই শক্ত, দৃঢ় এবং আবেগহীন একজন মানুষ। ছোটবেলা থেকেই ছেলেদের শেখানো হয়, ‘ছেলেরা কাঁদে না’, ‘ভয় পেতে নেই’, ‘দুর্বলতা প্রকাশ করা যাবে না’। ধীরে ধীরে এসব কথাই অনেক পুরুষের জীবনের অঘোষিত নিয়ম হয়ে দাঁড়ায়। ফলে বুকভরা কষ্ট, হতাশা, ভয় কিংবা মানসিক চাপ নিয়েও তারা হাসিমুখে দায়িত্ব পালন করে যান। নিজের যন্ত্রণার কথা কাউকে বলতে পারেন না, অনেক সময় নিজের কাছেও স্বীকার করতে চান না।

অথচ একজন পুরুষও মানুষ। তাঁরও মন খারাপ হয়, ভেঙে পড়তে ইচ্ছে করে, কখনো অসহায় লাগে, কখনো প্রয়োজন হয় একটু ভালোবাসা, সহানুভূতি কিংবা নির্ভরতার। কিন্তু সামাজিক প্রত্যাশার চাপে অনেক পুরুষ নিজের অনুভূতিগুলো আড়াল করে রাখেন। পরিবারের ভরসা, সন্তানের আশ্রয় কিংবা কর্মক্ষেত্রের দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে সব সময় শক্ত রাখার চেষ্টা করেন। অথচ সেই শক্ত মানুষেরও যে কখনো কারও কাঁধে মাথা রেখে কাঁদতে ইচ্ছে করতে পারে, সেই সত্যটি অনেক সময় সমাজ ভুলে যায়।

পুরুষদের সমস্যাগুলো যথাযথ গুরুত্ব না পাওয়ার পেছনে সামাজিক দৃষ্টিভঙ্গিও একটি বড় কারণ। অনেকের ধারণা, পুরুষেরা সমাজে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকেন, তাই তাঁদের সমস্যা নিয়ে আলাদা করে ভাবার প্রয়োজন নেই। কিন্তু বাস্তবতা হলো, কর্মজীবনের অতিরিক্ত চাপ, পরিবারের আর্থিক দায়িত্ব, সামাজিক প্রত্যাশা, আসক্তি, একাকিত্ব ও মানসিক স্বাস্থ্যসংকট অনেক পুরুষের জীবনকে কঠিন করে তোলে। এসব সমস্যার কথা প্রকাশ করতে না পারায় তাঁদের ভেতরের সংকট অনেক সময় অদৃশ্যই থেকে যায়।

এ কারণেই বিশ্ব পুরুষ দিবসের গুরুত্ব রয়েছে। দিনটি কেবল পুরুষদের উদযাপনের জন্য নয়; বরং তাঁদের জীবনের বাস্তবতা, সংগ্রাম, অবদান ও অপ্রকাশিত সমস্যাগুলো নিয়ে কথা বলার একটি উপলক্ষ। পুরুষদের মানসিক স্বাস্থ্য, ইতিবাচক আদর্শ, পরিবার ও সমাজে তাঁদের ভূমিকা এবং শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে সচেতনতা বাড়ানোই এ দিবসের অন্যতম উদ্দেশ্য।

যেভাবে শুরু হয়েছিল বিশ্ব পুরুষ দিবস

১৯৯৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথম আন্তর্জাতিকভাবে বিশ্ব পুরুষ দিবস পালিত হয়। ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ড. জেরোম তিলাকসিং এ দিবসটি পালনের উদ্যোগ নেন। পুরুষদের স্বাস্থ্য ও সুস্থতা, লিঙ্গসমতা, পরিবার ও সমাজে তাঁদের ইতিবাচক ভূমিকা এবং পুরুষদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই দিবসটির সূচনা।

তবে পুরুষদের জন্য একটি বিশেষ দিবস পালনের আলোচনা শুরু হয়েছিল আরও আগে। ১৯৬০-এর দশক থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। ১৯৬৯ সালে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২৩ ফেব্রুয়ারিকে পুরুষ দিবস হিসেবে প্রতিষ্ঠার জন্য একটি দল কাজ করছিল। তবে সে উদ্যোগ সফল হয়নি।

পরবর্তী সময়ে ১৯৯৯ সালে ১৯ নভেম্বরকে বিশ্ব পুরুষ দিবস হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। ইতিবাচক পুরুষ আদর্শ তুলে ধরা এবং পুরুষদের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে সচেতনতা বাড়ানোই এর মূল লক্ষ্য। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভবিষ্যৎ সবার’।

পুরুষের নীরব যন্ত্রণা ও মানসিক স্বাস্থ্য

পুরুষদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের অন্যতম কারণ আত্মহত্যার প্রবণতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪৫ বছরের কম বয়সী পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে পুরুষদের আত্মহত্যার হার নারীদের তুলনায় বেশি।

বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন দেখা যায়, নারীরা তুলনামূলকভাবে বেশি বিষণ্নতায় ভুগলেও আত্মহত্যার ক্ষেত্রে পুরুষদের ঝুঁকি বেশি। এর পেছনে মানসিক সংকট প্রকাশে অনীহা, সামাজিক চাপ, একাকিত্ব এবং প্রয়োজনের সময় সহায়তা না চাওয়ার প্রবণতা ভূমিকা রাখতে পারে।

অনেক পুরুষ মনে করেন, নিজের কষ্টের কথা বললে তাঁকে দুর্বল ভাবা হবে। কেউ আবার পরিবারের সদস্যদের চিন্তায় ফেলতে চান না। কেউ কর্মক্ষেত্রে নিজের অবস্থান হারানোর ভয়ে মানসিক সমস্যার কথা গোপন রাখেন। এভাবে দিনের পর দিন জমতে থাকা চাপ একসময় ভয়াবহ রূপ নিতে পারে। তাই পুরুষদের মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা, সহমর্মিতা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

সংশ্লিষ্ট খবর

Back to top button