
বাংলা টিভি ডেস্ক: একদিকে নিজের দুই কিডনিতে সমস্যা, অন্যদিকে স্ত্রীর ক্যানসারের চিকিৎসা। প্রতিদিন গড়ে ১০ থেকে ১১টি ওষুধ খেতে হয় তাঁকে। শারীরিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় স্বাভাবিকভাবে চলাফেরাও কঠিন হয়ে পড়ে। তবু থেমে নেই পথচলা। ক্যামেরা হাতে প্রকৃতি, গ্রামবাংলা আর সাধারণ মানুষের গল্প খুঁজে বেড়াচ্ছেন কনটেন্ট নির্মাতা জুয়েল রানা।
আইন বিষয়ে পড়াশোনা শেষে সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হয়েছিলেন জুয়েল। পরে কাজ করেছেন একটি ব্যাংকের ব্যবস্থাপক হিসেবেও। কিন্তু বাঁধাধরা জীবনের বাইরে নিজের ভালো লাগাকে গুরুত্ব দিয়ে একসময় বেছে নেন কনটেন্ট নির্মাণের পথ। সেই সিদ্ধান্ত থেকেই শুরু হয় তাঁর নতুন যাত্রা।
২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে তাঁর কনটেন্ট প্ল্যাটফর্ম ‘চিত্ত মিডিয়া’। অল্প সময়ের মধ্যেই ফেসবুক পেজটিতে অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ৫৭ লাখ। ইউটিউবেও রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক সাবস্ক্রাইবার। তবে পর্দায় দেখা এই সাফল্যের পেছনে রয়েছে ব্যক্তিগত অসুস্থতা, পারিবারিক দুশ্চিন্তা আর প্রতিদিনের নানা চ্যালেঞ্জ।
নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে জুয়েল রানা বলেন, “দুই কিডনিতেই সমস্যা রয়েছে। এ কারণে প্রতিদিন গড়ে ১০ থেকে ১১টি ওষুধ খেতে হয়। অনেক সময় শারীরিক সীমাবদ্ধতার কারণে ঠিক সময়ে কোথাও যেতে পারি না। ক্যামেরার পেছনে থাকা দুই সহকর্মী কাজের বড় শক্তি।”
স্ত্রীর ক্যানসারের চিকিৎসাও এখনো চলছে। আগের তুলনায় কিছুটা ভালো থাকলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। এমন পরিস্থিতিতে স্ত্রীর পাশে থাকা এবং নিজের কাজ চালিয়ে যাওয়া—দুই দিকই সামলাতে হচ্ছে জুয়েলকে। স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমার মতো অগোছালো মানুষের সঙ্গে সে (স্ত্রী) থাকছে, সেটিই অনেক কিছু।”
জুয়েলের কাছে জীবন মানে কেবল অর্থ, সম্পদ কিংবা প্রতিষ্ঠা নয়। নিজের ভালো লাগা ও বিশ্বাসের জায়গায় স্থির থাকতে পারাকেই তিনি জীবনের সার্থকতা মনে করেন। তাঁর ভাষায়, সবাইকে নিয়ে যুদ্ধ করা গেলেও নিজের আত্মার সঙ্গে যুদ্ধ করা যায় না। তাই নিজের ভেতরের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই অনিশ্চিত পথে পা বাড়িয়েছেন তিনি।
আইন পেশা ছেড়ে ব্যাংকের চাকরিতে যোগ দিয়েও নিজেকে খুঁজে পাননি জুয়েল। অর্থের হিসাব-নিকাশের মধ্যে জীবন আটকে যাচ্ছে বলে মনে হয়েছিল তাঁর। এরপর নিজের ভালো লাগার জায়গা থেকে শুরু করেন কনটেন্ট নির্মাণ। পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে অনিশ্চয়তা থাকলেও সিদ্ধান্ত থেকে সরে আসেননি।
চিত্ত মিডিয়ার কনটেন্টের মূল উপজীব্য প্রকৃতি ও গ্রামবাংলার জীবন। শীতের কুয়াশা, শিশিরভেজা ঘাস, সরিষার হলুদ মাঠ, কৃষকের জীবন কিংবা গ্রামের সাধারণ মানুষের গল্প—এসবই উঠে আসে তাঁর ভিডিওতে। প্রকৃতির দৃশ্য ধারণের পাশাপাশি সাহিত্য ও জীবনবোধের সঙ্গে মিলিয়ে সেগুলো দর্শকের সামনে তুলে ধরতে চান তিনি। এ ক্ষেত্রে কবি জীবনানন্দ দাশের সাহিত্য তাঁকে বিশেষভাবে প্রভাবিত করে।
জুয়েলের মতে, প্রকৃতিনির্ভর কোনো কনটেন্টে সাহিত্য না থাকলে তা লবণ-মসলা ছাড়া রান্নার মতো। জীবনানন্দ দাশ প্রকৃতির ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয় যেভাবে কবিতায় তুলে ধরেছেন, তা তাঁকে মুগ্ধ করে এবং নিজের কাজেও অনুপ্রেরণা জোগায়।
কনটেন্ট নির্মাণে সাময়িক জনপ্রিয়তার চেয়ে দীর্ঘস্থায়ী আবেদনকে বেশি গুরুত্ব দেন জুয়েল। তাঁর লক্ষ্য, এমন কিছু তৈরি করা, যা পাঁচ বছর নয়, পাঁচ যুগ পরও দর্শকের কাছে নতুন মনে হবে। এ কারণেই ট্রেন্ডিং বিষয় কিংবা সাময়িক আলোচনার পেছনে না ছুটে প্রকৃতি, সাহিত্য ও মানুষের জীবনকে প্রাধান্য দেন তিনি।
এত অনুসারী ও দর্শকের ভালোবাসা পাওয়ার পরও নিজের কাজ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন জুয়েল। তাঁর মতে, প্রতিটি কনটেন্ট তৈরির পরই মনে হয়, বিষয়টি আরও ভালোভাবে উপস্থাপন করা যেত। আরও পড়াশোনা ও প্রস্তুতি থাকলে গল্প বলার মান বাড়ানো সম্ভব। তাই অনুসারীর সংখ্যা বাড়ানোর চেয়ে কাজের মান উন্নয়নকেই বেশি গুরুত্ব দেন তিনি।
কনটেন্ট নির্মাণে বাণিজ্যিক চাপ ও বিজ্ঞাপনের বিষয়েও রয়েছে তাঁর নিজস্ব অবস্থান। জুয়েলের ভাষায়, অর্থ উপার্জনের অনেক সুযোগ থাকলেও সব কাজ করা সম্ভব হয় না। কিছু ক্ষেত্রে বিবেকের কারণে সিদ্ধান্ত নিতে হয়। জীবিকা নির্বাহের প্রয়োজন থাকলেও কাজের পরিমিতিবোধ ও নিজস্ব নীতিতে অটল থাকার চেষ্টা করেন তিনি।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছে জুয়েলের। সরকারপ্রধান তাঁর কনটেন্ট নিয়মিত দেখেন—এমন স্বীকৃতিকে নিজের জন্য বড় প্রাপ্তি বলে মনে করেন তিনি। তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ নেই তাঁর। সব পক্ষের মানুষের জন্য কাজ করতে চান। দর্শকের কাছে নিরপেক্ষ অবস্থান ধরে রাখাই তাঁর লক্ষ্য।
আগামী পাঁচ বছরে আরও বিনয়ী হওয়া এবং মানুষের আরও কাছাকাছি যাওয়ার ইচ্ছা জুয়েলের। ক্যামেরা নিয়ে প্রকৃতির গভীরে গিয়ে নতুন নতুন গল্প আবিষ্কার করতে চান তিনি।
অন্য পেশা ছেড়ে কনটেন্ট নির্মাণে আসতে আগ্রহীদেরও সতর্ক করেছেন জুয়েল। তাঁর মতে, এ পেশায় আয় কিংবা সাফল্যের কোনো নিশ্চয়তা নেই। রাতারাতি অর্থবিত্তের মালিক হওয়ার সুযোগও নেই। বরং প্রতিনিয়ত পড়াশোনা, পরিশ্রম ও সৃজনশীলতার চর্চা করতে হয়। তাই প্রতিষ্ঠিত চাকরি ছেড়ে হুট করে কনটেন্ট নির্মাণে আসার পরামর্শ দেন না তিনি।
সফলতার সংজ্ঞাও জুয়েলের কাছে আলাদা। বড় বাড়ি, গাড়ি কিংবা জমিজমা নয়; দিন শেষে নিজের ভেতর থেকে ভালো থাকাকেই তিনি সফলতা মনে করেন। নিজের ও স্ত্রীর অসুস্থতার মধ্যেও তাই কাজ থামাতে চান না। শারীরিক সীমাবদ্ধতা ও অনিশ্চয়তা সঙ্গী হলেও প্রকৃতি আর মানুষের গল্প বলার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান এই কনটেন্ট নির্মাতা।



