বাংলাদেশ

বেনাপোল সীমান্তে সার্চলাইট জ্বালিয়ে রাতভর বিজিবির কঠোর পাহারা

বাংলা টিভি ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং তাকে পেট্রাপোল সীমান্ত দিয়ে ফেরার আহ্বান ঘিরে আলোচনার মধ্যে যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।

রাতের অন্ধকার নামতেই সীমান্তজুড়ে শুরু হয় বিজিবির বিশেষ নজরদারি। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আধুনিক সার্চলাইট জ্বালিয়ে চালানো হচ্ছে কঠোর পাহারা। সার্চলাইটের তীব্র আলোয় আলোকিত হয়ে উঠছে সীমান্তবর্তী এলাকা। অন্ধকারের মধ্যেও সীমান্তের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণে সতর্ক রয়েছেন বিজিবি সদস্যরা।

রাতভর এক স্থান থেকে অন্য স্থানে টহল দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজর রাখা হচ্ছে। কেউ যাতে রাতের আঁধার কিংবা সীমান্তের নির্জন পথ ব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সার্চলাইটের পাশাপাশি নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।

সীমান্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসন্ন ডিসেম্বর মাসকে সামনে রেখে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন বিজিবি সদস্যরা।

সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত দায়িত্ব পালন করছেন ৪৯ বিজিবির সদস্যরা। দেশের সীমান্ত সুরক্ষায় তাদের এই কঠোর নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button