রাজনীতিবিএনপি

যুবদল নেতার বাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের গুলি ও ভাঙচুর

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদল নেতা সামির হোসেনের বাড়িতে হামলা, দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারের বিরুদ্ধে অভিযোগ করেছেন সামির হোসেন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামে এ ঘটনা ঘটে। তবে, হামলায় কেউ হতাহত হননি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে তায়েব শিকদার পাকুন্ডা গ্রামে নিজের বাড়িতে আসেন। খবর পেয়ে সামির হোসেন পুলিশ ডেকে তাকে আটক করার চেষ্টা করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তায়েব সেখান থেকে পালিয়ে যান। পরে এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তিনি।

এ ঘটনার জের ধরে সন্ধ্যায় তায়েব শিকদারের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেলে করে সামিরের বাড়িতে যান। এ সময় তার মাকে গালিগালাজ, দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে।

যুবদল নেতা সামির হোসেন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারের নেতৃত্বে সাকিব হোসেনসহ কয়েকজন তার বাড়িতে হামলা চালিয়ে গুলি ছোড়েন। এ সময় তার পিতার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং বাবা-মাকে হুমকি দেওয়া হয়। এর আগেও তার ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল বলে দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন সামির। কিছুক্ষণ পরই অভিযোগ করবো।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তবে এ ব্যাপারে এখনো অভিযোগ করা হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button