রাজনীতিবিএনপি

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা

বাংলা টিভি ডেস্ক: ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে মোশারফ হোসেন লেখেন, নিঃস্বার্থভাবে একটি দল ও শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে রাজনীতির মাঠে নিজের সর্বোচ্চ সময় ও শ্রম দিয়েছি। কখনো কোনো পদ-পদবি বা স্বার্থের পেছনে ছুটিনি। তবুও আজ কিছু অপ্রত্যাশিত বাস্তবতা ও গভীর অভিমান থেকে সক্রিয় রাজনীতিকে বিদায় জানাচ্ছি।

রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, সময়ের প্রয়োজনে ও ব্যক্তিগত সিদ্ধান্তে সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিচ্ছি। রাজনীতির এই দীর্ঘ পথে যারা আমার সুখে-দুঃখে ছায়ার মতো পাশে ছিলেন, সবার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও শুভকামনা। মানুষ হিসেবে ভুলত্রুটির ঊর্ধ্বে নই। তাই আমার কোনো আচরণে কেউ ব্যথিত হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। দোয়া করবেন।

পোস্টের শেষে মোশারফ হোসেন লিখেছেন, ভালো থাকুক প্রিয় সংগঠন। সংগঠনের খারাপ সময়ে আবার প্রয়োজন হলে পাশে থাকব, ইনশাআল্লাহ।

এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল বলেন, যতদূর জেনেছি, তিনি মান-অভিমান থেকে ফেসবুকে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। আমাদের দল মাত্র ক্ষমতায় এসেছে। এখন মান-অভিমানের সময় নয়। তবুও আমরা এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে তার সঙ্গে কথা বলব এবং তাকে দলে আবারও সক্রিয় করার চেষ্টা করব।

সংশ্লিষ্ট খবর

Back to top button