চমেক হাসপাতালে কেএসআরএমের আরও দুটি হিমোডায়ালাইসিস মেশিন হস্তান্তর

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের উন্নত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে এগিয়ে এসেছে দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্পগ্রুপ কেএসআরএম। প্রতিষ্ঠানটি চমেক হাসপাতালকে আরও দুটি অত্যাধুনিক প্রযুক্তির হিমোডায়ালাইসিস মেশিন হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জার্মানির তৈরি ‘মডেল-৪০০৮এস’ হিমোডায়ালাইসিস মেশিন দুটি কেএসআরএমের পক্ষ থেকে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ তসলিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।
মেশিন হস্তান্তরকালে চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ তসলিম উদ্দিন বলেন, “চমেক হাসপাতালে ধারাবাহিক মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে শিল্পগ্রুপ কেএসআরএম সবসময় অগ্রগামী ভূমিকা পালন করছে। নতুন যুক্ত হওয়া এই আধুনিক ডায়ালাইসিস মেশিনগুলো দুরারোগ্য কিডনি রোগীদের চিকিৎসাসেবাকে আরও সহজলভ্য করবে।”
তিনি আরও বলেন, কেএসআরএমের এই মূল্যবান চিকিৎসা সরঞ্জাম সহায়তায় রোগীরা স্বল্প খরচে উন্নত চিকিৎসা পাবেন। পাশাপাশি মানবিক এই উদ্যোগে অংশ নিতে দেশের অন্যান্য বিত্তশালী ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত ২৭ জুন চমেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছিল কেএসআরএম। সে সময় চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ফোরডি আল্ট্রাসাউন্ড মেশিন এবং জিই ব্র্যান্ডের একটি কালার ডপলার সিস্টেম হস্তান্তর করেছিলেন কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন।



