‘দ্বিগুণ-তিন গুণ দামে তেল-গ্যাস কিনতে প্রতিবারই রক্তক্ষরণ হচ্ছে অর্থনীতির’

বাংলা টিভি ডেস্ক: তেল-গ্যাসসহ বিভিন্ন পণ্য আমদানিতে প্রতিবারই দেশের অর্থনীতিতে বড় ধরনের আর্থিক চাপ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজার থেকে দ্বিগুণ-তিন গুণ দামে জ্বালানি ও অন্যান্য পণ্য কিনতে হচ্ছে। এতে সরকারের কোষাগারে রীতিমতো রক্তক্ষরণ হচ্ছে। বৈশ্বিক বাজারের এই মূল্যবৃদ্ধির প্রভাব দেশের অর্থনীতিতে পড়ছে, যার ফলে আমদানির মাধ্যমেই মূল্যস্ফীতি দেশে প্রবেশ করছে।
রোববার (২৯ নভেম্বর) ‘স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রতিবার তেল বা গ্যাসের একটি লট কেনার সময়ই সরকারকে বড় অঙ্কের বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, এক একটা তেলের লট, এক একটা গ্যাসের লট দুই গুণ, তিন গুণ দামে কিনছে সরকার। এতে কোষাগারে রীতিমতো রক্তক্ষরণ হচ্ছে। প্রতিটি কেনাকাটায় রক্তক্ষরণ হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা এখন অর্থনীতি পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছি। তেল-গ্যাস থেকে শুরু করে সারসহ সব ধরনের পণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে। আমরা আমদানির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ে আসছি। এ ক্ষেত্রে আমার কোনো নিয়ন্ত্রণ নেই।
অর্থমন্ত্রী জানান, বৈশ্বিক বাজারে জ্বালানি ও পণ্যের দাম বাড়তে থাকায় দেশের অর্থনীতিতে এর প্রভাব আরও কিছুদিন থাকবে। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিও কিছু সময়ের জন্য কম থাকতে পারে।
ব্যাংক খাতের পরিস্থিতি নিয়েও কথা বলেন আমির খসরু। তিনি জানান, এ খাত স্বাভাবিক অবস্থায় ফিরতে আগামী বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে আমানতকারীরা তাদের জমা অর্থ ফেরত পাবেন। তার ভাষায়, ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে খেলাপি ঋণ বেড়েছে এবং ব্যাংক খাত ধ্বংস হয়েছে। এ ছাড়া এত দিন পুঁজিবাজারের নামে কার্যত ক্যাসিনো চলেছে বলেও মন্তব্য করেন তিনি।
কর্মশালায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, অতীতে দেশে নানা পরিকল্পনা নেওয়া হলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকার পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি বাস্তবায়নেও গুরুত্ব দেবে।



