বাংলাদেশ

বিরামপুরে নগদ একাউন্ট খোলার হিড়িক

বাংলা টিভি ডেস্ক: দিনাজপুরের বিরামপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় মোবাইল অ্যাকাউন্ট নম্বর জমা দিতে নারীদের মধ্যে নগদ অ্যাকাউন্ট খোলার প্রবণতা বেড়েছে। এ কারণে উপজেলার বিভিন্ন মোবাইল ব্যাংকিং, ফ্লেক্সিলোড ও সার্ভিসিংয়ের দোকানে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য নারী।

রোববার (২৯ নভেম্বর) সকালে বিরামপুর শহরের ঢাকামোড় এলাকার ইমরান টেলিকমে গিয়ে দেখা যায়, নগদ অ্যাকাউন্ট খোলার জন্য নারীদের দীর্ঘ ভিড় জমেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলায় সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এ জন্য পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদের পাশাপাশি পরিবারের নারী প্রধানের একটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর চাওয়া হচ্ছে। আর প্রয়োজনীয় এই নম্বর সংগ্রহ করতেই নগদ অ্যাকাউন্ট খুলতে দোকানগুলোতে ছুটছেন নারীরা।

এ পরিস্থিতিতে শহরের মোবাইল ব্যাংকিং ও সার্ভিসিং দোকানগুলোর ব্যস্ততা আগের তুলনায় অনেক বেড়েছে। এমনকি আগে থেকেই অন্য মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করা নারীরাও ফ্যামিলি কার্ডের জন্য নতুন করে নগদ অ্যাকাউন্ট খুলছেন।

অ্যাকাউন্ট খুলতে আসা গৃহিণী মৌসুমী আক্তার জানান, প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি নগদ অ্যাকাউন্ট খুলতে শহরে এসেছেন। তার মতো আশপাশের বিভিন্ন এলাকা থেকেও অনেক নারী অ্যাকাউন্ট খোলার জন্য আসছেন।

ইমরান টেলিকমের স্বত্বাধিকারী এমরান হোসেন জানান, গত কয়েক দিন ধরে তার দোকানে নগদ অ্যাকাউন্ট খোলার জন্য নারীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিদিন গড়ে প্রায় ১০০ থেকে ১৫০টি নতুন নগদ অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button