
বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেছে। এখন এ পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে।
এর আগে মঙ্গলবার তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এসময় বঙ্গবন্ধু হত্যা মামলায় তাকে গ্রেফতার না দেখানো পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে কাউন্টার টেরোরিজম।
পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াৎ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোমবার রাত পৌনে ৪টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় মাজেদকে আটক করা হয়। পরিচয় জানতে চাইলে মাজেদ সঠিক পরিচয় দেননি।
উল্টাপাল্টা কথা বললে পুলিশের সন্দেহ হয়। এরপর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয় যে, মাজেদ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি।



