মহারাষ্ট্রে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের মালগাড়ির চাপায় নিহত হয়েছেন ১৫ পরিযায়ী শ্রমিক। এতে পাঁচ জন গুরুতর আহত হন। নিহতদের কয়েকজন শিশুও রয়েছে। শুক্রবার (৮ মে) ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই পরিযায়ী শ্রমিকরা হেঁটে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ ফিরছিলেন। রাস্তায় ক্লান্ত হয়ে, ঔরঙ্গাবাদের কারমাড থানা এলাকায় রেল লাইনের উপর ঘুমিয়ে পড়েন তারা। সেখানেই ঔরঙ্গাবাদ ও জালনার মধ্যে একটি মালগাড়ি পিষে দিয়ে চলে যায় তাদের। খবর পেয়ে সকাল ৬টার দিকে আরপিএফ ও পুলিশ সেখানে পৌঁছায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলের উচ্চ পদস্থ কর্মকর্তারা।
লকডাউনের মধ্যে বিভিন্ন রাজ্যে অভিবাসী শ্রমিকদের বাড়ি ফেরাতে শুরু হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন। তবুও অনেককেই দেখা গেছে হেঁটে বা সাইকেলে চড়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন। এর আগেও কয়েকশ’ কিলোমিটার হেঁটে বা সাইকেল চালিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অনেকেই। সে রকমই আরও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো মহারাষ্ট্র।
গত সোমবার থেকে ভারতে তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছে। আপাতত আগামী ২ সপ্তাহ অর্থাৎ ১৭ মে পর্যন্ত এ লকডাউন চলবে।



