ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

করোনা পরিস্থিতিতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। উন্মুক্ত ময়দানে ঈদ জামাতের অনুমতি না থাকায়, এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। নামাজ শেষে বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। তবে, স্বাস্থ্যবিধি মেনে মসজিদের ভেতরে নামাজ আদায় হলেও, বাইরের চিত্র ছিল একেবারেই ভিন্ন।
করোনাভাইরাসের কারণে প্রতিবছরের মতো এবার জাতীয় ঈদগায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। সামাজিক সুরক্ষা মেনে রাজধানীর মসজিদগুলোতে নামাজ আদায় করেন মুসল্লিরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাজারো মুসল্লি।
প্রতিটি জামাত শেষে বিশ্বের সুখ-সমৃদ্ধি আর মঙ্গল কামনায় মোনাজাত করেন আগত সবাই। এদিকে, মসজিদের ভেতরে সামাজিক দূরত্ব বজায় থাকলেও বাইরের চিত্র ছিল একেবারেই আলাদা। নিরাপত্তার স্বার্থে মসজিদে প্রবেশে কড়াকড়ি থাকায়, কয়েক ভাগে মুসল্লিদের ভেতরে ঢোকানো হয়। সে কারণে ঈদ জামাতে অংশ নিতে আসা হাজারো মানুষকে অপেক্ষায় থাকতে হয় মসজিদের বাইরে। হাজারো মানুষের ঠাসাঠাসিতে দীর্ঘতর হয় এ লাইন।
তারপরও সকলেরই প্রত্যাশা- গোটা বিশ্ব থেকে সকল অশুভ বিদায় নিয়ে আগামী দিনগুলো হোক সুখ-সমৃদ্ধি ও শান্তিপূর্ণ।
বাংলা টিভি/বুলবুল



