আন্তর্জাতিকএশিয়া

লাদাখ সীমান্তে ভারত-চীনের সেনা পর্যায়ের আলোচনা

লাদাখ সীমান্তে উত্তেজনা প্রশমনে ভারত-চীনের মধ্যে শুরু হয়েছে সেনা পর্যায়ের আলোচনা। শনিবার দু’দেশের শীর্ষ সেনা কর্মকর্তাদের মধ্যে বৈঠক হলেও কোনও ফলপ্রসূ খবর এখনো আসেনি।

শনিবারের বৈঠকের পর ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনা পর্যায়ে আলোচনার পাশাপাশি লাদাখ সংকট মেটাতে কূটনীতিক আলোচনাও প্রয়োজন। যেহেতু মাত্রই আলোচনা শুরু হয়েছে, তাই এ বিষয়ে কল্পনাপ্রসূত কিছু লেখা থেকে সংবাদমাধ্যমকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, ডোকলাম সীমান্ত সংকট সমাধানে দু’পক্ষের সময় লেগেছিল ৭৩ দিন। সেক্ষেত্রে লাদাখের ঘটনাতে অচলাবস্থা কাটাতে আরো বেশি সময় লাগতে পারে। কিন্তু মোদি সরকারের আমলে সম্পূর্ণ ভিন্ন নীতিতে চলতে শুরু করেছে দেশটি।

গোটা চীন সীমান্ত জুড়েই সড়ক-অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভারত ওই সড়ক তৈরি বন্ধ করলেই ফিরে যাবে চীনা বাহিনী। কিন্তু স্বাধীন দেশ হিসেবে নিজেদের সীমান্তে যে কোনও অবকাঠামো তৈরির অধিকার রয়েছে ভারতের।

ফলে কাজ বন্ধের সম্ভাবনা নেই। বৈঠকে চীনকে সেটাই বুঝিয়ে দেয়া হয়েছে। ফলে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কূটনৈতিক শিবির উভয় পক্ষই মনে করছে লাদাখ সীমান্তে দুই দেশেরই সেনা সমাবেশ থাকবে। আর তাই, একদিনে যে সমস্যার সমাধান হবে না তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button