
সারাদেশে মনিটরিং ঠিক থাকলে করোনা উপসর্গ নিয়ে রোগীদের হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরতে হচ্ছে কেন? এমন প্রশ্ন করেছেন হাইকোর্ট।
বুধবার সকালে এক রিটের শুনানিতে এই প্রশ্ন তোলেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চ। এ সময় সারাদেশে আইসিইউ কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের বিষয়ে আগামী রোববার আদেশের দিন পুনঃধার্য করেন আদালত।
গেলো রোববার এক চিকিৎসকের পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী ইয়াদিয়া জামান। এরপর আদালত এ রিটের পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জুন দিন নির্ধারণ করেছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
শুনানি শেষে আদালত বলেন, ‘যদি সবকিছু মনিটরিং করা হয়েই থাকে তাহলে রোগীদের এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরতে হচ্ছে কেন?’
আদালত আরও বলেন, ‘শুধু আইসিইউ ব্যবস্থাপনা নয়, অক্সিজেন ব্যবস্থাপনা নিয়েও সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব বিষয়ে আরও দুটি রিট দায়ের করা হয়েছে। আমরা রিটগুলো একসঙ্গে শুনতে চাই। তাই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী রবিবার (১৪ জুন) দিন ধার্য রাখা হলো।’



