আইন-বিচারবাংলাদেশ

আবরার হত্যা মামলা: অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৫ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। শুনানির সময় এই মামলায় গ্রেফতার ২২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ২ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত আংশিক অভিযোগ গঠন শুনানি শেষে আজ (৯ সেপ্টেম্বর) দিন ধার্য করেছিলেন।

জানা যায়, ‘এদিন গ্রেফতার সব আসামির পক্ষে তাদের আইনজীবী মামলা থেকে অব্যাহতির আবেদনের ওপর আইনগত বিষয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ অব্যাহতির আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক অভিযোগ গঠনের আদেশের জন্য ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন।’

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর রাতে বুয়েট হোস্টেলের ২০১১ নম্বর কক্ষে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন মিলে আবরারকে পিটিয়ে হত্যা করে। পরে রাত ৩টার দিকে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গত ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ পরে ২২ জনকে গ্রেফতার করে। এর মধ্যে আট জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী।

সংশ্লিষ্ট খবর

Back to top button