বাংলাদেশUncategorized

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে ৮১৩.৫০ গ্রাম সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। এ ঘটনায় জহির শাহ গোলাম হোসেন (৪৩) নামে ভারতের মুম্বাইয়ের এক নাগরিককে আটক করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে ভোমরা স্থলবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। একই দিন রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, ভারতীয় পাসপোর্টধারী এক ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা করছেন। পরে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়।

বিজিবি জানায়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনা বহনের বিষয়টি অস্বীকার করেন ওই ব্যক্তি। পরবর্তীতে শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলে প্যাথলজি পরীক্ষার মাধ্যমে তার মলদ্বারের ভেতরে লুকিয়ে রাখা দুটি প্যাকেটের সন্ধান পাওয়া যায়। সেখান থেকেই সোনার বারগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৮১৩.৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

সংশ্লিষ্ট খবর

Back to top button