
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নে,নির্মাণের ১৫ দিনের মধ্যেই ধ্বসে পড়েছে একটি কালভার্ট। এতে ক্ষোভ জানিয়ে, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন,ইউপি সদস্যসহ স্থানীয়রা। তবে, চেয়ারম্যান দায় স্বীকার কোরে পুনরায় কালভার্টটি মেরামতের কথা জানিয়েছেন। ময়মনসিংহ ব্যুরো চীফ এম এস ফুয়াদের প্রতিবেদন
লোকাল গভর্ণমেন্ট সাপোর্ট প্রজেক্ট -৩ প্রকল্পের আওতায়,ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়ন পরিষদের সামনে থেকে দামাবিল পর্যন্ত সড়কে, প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করা হয়। ২০১৮-১৯ অর্থ বছরের এই প্রকল্পটি ২০২০-২১ অর্থ বছরে বাস্তবায়নের ১৫ দিন পরই ধ্বসে পড়ে।
অভিযোগ রয়েছে,কালভার্টটি চেয়ারম্যানের নিকট আত্মীয় রিপন নামের এক ঠিকাদার, কাজটি করার পর,বিলও তুলে নিয়েছেন। পরিমাণ মতো সিমেন্ট না দেয়া এবং নিম্নমানের সুড়কি ব্যবহার করায়,হাতের স্পর্শেই ঝরে পড়ছে ইটের খোয়া। শুধু তাই নয়,ইউনিয়নের বেশির ভাগ উন্নয়ণ কাজই, নিম্নমানের বলে দাবি, স্থানীয়দের।
ইউনিয়নের সকল উন্নয়ণ কাজ চেয়ারম্যান তার নিজের লোকজন দিয়ে করানোর ফলে, সঠিক ভাবে কোন কাজই সম্পন্ন হচ্ছেনা বলে দাবি, ইউপি সদস্যদের। সদ্য নির্মিত কালভার্টে ভারী যান চলাচল করায় ধ্বসে গেছে দাবি করে, পুনরায় মেরামতের কথা জানিয়েছেন,অভিযুক্ত চেয়ারম্যান।
দায় স্বীকার করায়, চেয়ারম্যানকে দ্রুত কালভার্টটি মেরামতের জন্য সুযোগ দেয়া হয়েছে।তবে, আবারো এ ধরনের ঘটনা হলে,প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে ঠিকাদার রিপনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে সরকারের উন্নয়ণ ত্বরান্বিত করার লক্ষ্যে, তৃণমূল উন্নয়ণে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয়রা।
ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস



