হাসপাতালের বেড বৃদ্ধির চেয়ে জরুরি রোগি কমানো : স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে বেড বাড়ানো নয়, বরং রোগীর সংখ্যা কিভাবে কমানো যায় সেদিকে আগে নজর দিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে, বিএসএমএমইউ হাসপাতালের অধীনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে, কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধন করে একথা বলেন তিনি। এসময়, ভ্যাকসিনের প্রাপ্যতা সাপেক্ষে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলকে এক হাজার শয্যার কোভিড ফিল্ড হাসপাতাল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয় সরকার। শনিবার এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রাথমিকভাবে ৪০টি আইসিইউ, সেন্ট্রাল অক্সিজেনসহ ৩৫৭টি শয্যা নিয়ে শুরু হওয়া আধুনিক এই হাসপাতালটিকে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ সক্ষমতায় উন্নীত করা হবে।
এসময় সংবাদ সন্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সময় যতো আগাচ্ছে করোনার প্রকোপ ততো বৃদ্ধি পাচ্ছে। তাই সংক্রমণ নিয়ন্ত্রণ করার কোন বিকল্প নেই জানিয়ে, জনগণকে সচেতন আরো হওয়ার আহবান জানান তিনি।
এদিকে, চীন থেকে সিনোফার্মের সাড়ে ৭ কোটি ডোজ টিকা আসবে জানিয়ে এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অক্টোবর ও নভেম্বর মাসেই দেশে দুই কোটি করে মোট ৪ কোটি ডোজ টিকা আসার কথা রয়েছে। শহরের থেকে গ্রামের মানুষেকে প্রাধান্য দিয়ে সামনের দিনে টিকাদান কর্মসূচি চলমান থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
বাংলাটিভি/এস



