বঙ্গবন্ধুর পলাতক খুনিদের খুঁজে বের করতে প্রবাসীদের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের খুঁজে বের করতে প্রবাসীদের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, পৃথিবীর যে দেশে যেখানে এই নিখোজ খুনিদের সন্ধান পাওয়া যাবে সেখানে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করতে হবে প্রবাসীদের। এবং তাদের সম্পর্কে তথ্য জানাতে হবে। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। জাতীয় শোক দিবস উপলক্ষে নিজ নিজ মন্ত্রণালয়ের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব মন্তব্য করেন দুই মন্ত্রী।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রোববার সকাল ৭টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শ্রদ্ধা নিবেদন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঙ্গিনায় গাছের চারা রোপন করেন এ দু মন্ত্রী। এসময় বঙ্গবন্ধুর নিখোঁজ খুনিদের খুঁজে বের করতে প্রবাসীদের সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পৃথিবীর যে দেশে যেখানে এই নিখোজ খুনিদের সন্ধান পাবেন সেখানে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করতে হবে প্রবাসীদের। তাহলেই সেদেশের সরকার আন্তর্জাতিক চাপে পড়ে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিবে।
এদিকে, নিজ মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু কর্ণারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। শ্রদ্ধা নিবেদন শেষে ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের তত্বাবধানে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
বাংলাটিভি/ এস



