চট্টগ্রাম থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ ঢাকায় এনে জিয়ার নামে কবর দেয়া হয়: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ নিয়ে এসে ঢাকায় জিয়াউর রহমানের নামে কবর দেয়া হয়েছিলো, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, ইতিহাস বিকৃতি এবং স্বাধীনতার পরাজিত অপশক্তিকে নিয়ে রাজনীতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে। বিএনপি স্বাধীনতার ইতিহাস বিকৃতি ঘটিয়েছে। যে লাশ নিয়ে কথা হচ্ছে, ঘটনার পর জিয়াউর রহমানের লাশ খুঁজে বের করার জন্য নির্দেশ দেয়া হয় পরবর্তীতে। রাঙ্গুনিয়ায় তিনটি কবরের মধ্য থেকে একটি লাশ জিয়াউর রহমানের নামে ঢাকায় এনে কবর দেওয়া হয়।
তিনি বলেন, ‘কারো কবর যদি অন্যের নামে চালিয়ে দেওয়া হয়, তাহলে তা অনইসলামিক। দলিল বলে, আপনারা প্রতারণা করেছেন। তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হওয়ার পরও বঙ্গবন্ধুকে খাটো করার অপচেষ্টা ক্ষান্ত হয়নি। খলনায়কদের নায়ক বানানোর চেষ্টা করা হয়েছে। জিয়ার আহ্বানে নয়, বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধারা। জিয়াউর রহমান চট্টগ্রামে তখন কর্মরত, সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করার জন্য যাচ্ছিলেন। সোয়াত জাহাজ থেকে যেন অস্ত্র খালাস করতে না পারে, সে জন্য রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছিল। বাধাগ্রস্ত হয় তিনি ফেরত আসেন।
মন্ত্রী আরও বলেন, ‘২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করার পর সমগ্র বাংলাদেশে তা প্রচার করা হয়। অনেকে মাইকিং করে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করেন। চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ অফিসে ২৭ মার্চ আওয়ামী লীগ নেতারা মনে করেন, একজন সেনা সদস্য দিয়ে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করালে একটি যুদ্ধ যুদ্ধ ভাব মনে হবে। পরবর্তীতে পাঠ করানোর জন্য জিয়াউর রহমানকে নিয়ে আসা হয়। প্রথমে ভুলভাবে পাঠ করেছিলেন জিয়াউর রহমান। প্রথমে নিজের নামে ভুলভাবে ঘোষণাপত্রটি উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে ‘অন বিহাফ অব’ কথাটি যুক্ত করে ঘোষণাপত্র পাঠ করেন। সেই রেকর্ড রয়েছে।
তিনি বলেন, ‘চট্টগ্রাম আওয়ামী লীগ অফিসের বেয়ারা নুরুল হক জীবন হাতে নিয়ে মাইকিং করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন। স্বাধীনতা ঘোষণার বিষয়ে তাহলে নুরুল হককে কৃতিত্ব দেওয়া উচিত।
বাংলাটিভি/শহীদ



