সাম্প্রদায়িক দানবদের সঙ্গে নিয়ে অতিদানবীয় অপতৎপরতা চালাচ্ছে বিএনপি: কাদের

সাম্প্রদায়িক দানবদের সঙ্গে নিয়ে অতিদানবীয় অপতৎপরতা চালাচ্ছে বিএনপি,ক্যাম্পাসগুলো উত্তপ্ত করতে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে,বিএনপি দেশের বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতি নষ্ট করতে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে বলে আশঙ্কা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (৩০ আগস্ট) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।
করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে শিক্ষাকার্যক্রম এগিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থীরা যখন প্রস্তুতি নিচ্ছে, তখন বিএনপি ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি করছে।
দেশের রাজনীতিতে শেখ হাসিনা সরকার নয়, বিএনপিই হচ্ছে আসল দানবীয় শক্তি,শেখ হাসিনা এবং আওয়ামী লীগ জনমানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে।
সম্প্রতি চন্দ্রিমা উদ্যানে পুলিশ বিএনপির কর্মসূচি পালনে সহযোগিতা করতে চেয়েছে। কিন্তু তারা কোনো আইন-কানুনের তোয়াক্কা না করে সংঘাতের মাধ্যমে পানি ঘোলা করার অপচেষ্টা করতে চেয়েছিল।
তিনি বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। সরকার সবসময় শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও করবে। বিএনপির আন্দোলন এখন কথানির্ভর মিডিয়া সর্বস্ব শীত-গ্রীষ্ম পেরিয়ে এখন বিএনপি শরতে এসে সরকার হটানোর দিবা স্বপ্ন দেখছে।
কাদের বলেন, সব প্রশ্নের মতো জিয়ার লাশ নিয়েও বিএনপি মহাসচিব কোনো প্রশ্নেরই জবাব দেন না। প্রশ্ন করলে মূল প্রসঙ্গ এড়িয়ে সামঞ্জস্যহীন জবাব দেন। জিয়ার লাশ নাকি জেনারেল এরশাদ কাঁধে বহন করেছেন, এ ধরনের বক্তৃতার মধ্য দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেছেন ফখরুল সাহেব। এরশাদ কফিন বহন করেছেন কিন্তু ভেতরে জিয়ার লাশ আছে তা তো তিনি কখনো বলেননি।
বাংলাটিভি/শহীদ



