
নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আশরাফুল ইসলাম আশরাফ। ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করে দিয়ে আদালত অবমাননা প্রশ্নে জারি করা কারণ দর্শানোর নোটিসটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে সর্বোচ্চ আদালত।
বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ আইনজীবী আশরাফ ক্ষমার আবেদন গ্রহণ করে বৃহস্পতিবার এ আদেশ দেয়।
এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এছাড়া আশরাফুল ইসলামের পক্ষে ছিলেন শেখ আওসাফুর রহমান বুলু এবং বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।
এদিন আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফ গণমাধ্যমকে বলেন, “মহামান্য আপিল বিভাগ আদালত অবমানননার অভিযোগ আনার প্রশ্নে এবং দেশের যে কোনো আদালতে আমার পেশা পরিচালনা থেকে বিরত রাখার প্রশ্নে যে নোটিস ইস্যু করেছিলেন, গত ৫ অগাস্ট তার জবাব হলফনামা আকারে দাখিল করেছিলাম।
এসময় তিনি আরো বলেন হলফনামাটি প্রত্যাহার চাওয়ার পাশাপাশি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে অবেদন করেছিলাম। সে অবেদনটি গ্রহণ করে হলফনামাটি প্রত্যাহারের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। যেহেতু আদালত আমার আবেদনটি গ্রহণ করেছেন, তাই আইন পেশা চালিয়ে যেতে আর কোনো সমস্যা থাকছে না।”
এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পদত্যাগ চেয়ে ফেইসবুকে ‘অবমাননাকর’মন্তব্য করেন আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফ। এরপর গত ১৫ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আশরাফুল ইসলাম আশরাফকে তলব করে আপিল বিভাগ।
কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, ৮ আগস্ট আপিল বিভাগে হাজির হয়ে সেই ব্যাখ্যা দিতে বলা হয় তাকে। ওই সময় পর্যন্ত তাকে আইন পেশা থেকে বিরত থাকতেও বলে সর্বোচ্চ আদালত।
বাংলাটিভি/ এস



